বেআইনি অর্থলগ্নি মামলায় নাম জুড়ল বর্ধমান পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের, সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল নেতা

ফের সিবিআইয়ের হাতে আটক এক তৃণমূল নেতা। এক বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় নাম জুড়ল বর্ধমানের তৃণমূল পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের। গতকাল, বৃহস্পতিবার কলকাতায় তাঁকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা।

এরপর আজ, শুক্রবার তাঁকে তোলা হয় আসানসোল কোর্টে। এদিন সিবিআইয়ের অন্য একটি দল হানা দেয় বর্ধমানে প্রণবের বাড়িতে। সেখানে তল্লাশি চালানো হয়। বর্ধমান শহরের ঢলদিঘিতে রয়েছে প্রণবের অফিস। সেখানেও সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।

সিবিআই সূত্রের খবর, বর্ধমান সানমার্গ চিটফান্ড কাণ্ডে প্রণবকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায়ের দাবী তিনি এই বিষয়ে কিছু জানেন না।

আজ, শুক্রবার বাড়িতে সিবিআই হানার পর তিনি বলেন, ‘‘আমাদের বাড়িতে সিবিআইয়ের টিম এসেছিল। তারা সানমার্গ (বেআইনি অর্থলগ্নি সংস্থা) নিয়ে তদন্ত করছে। আমাদের একটি বিল্ডিংয়ে কিছু দিনের জন্য ভাড়া নিয়েছিল সানমার্গ। সিবিআই আধিকারিকদের জানিয়েছি, এ বিষয়ে আমার কিছু জানা নেই”।

বলে রাখি, কয়েকমাস আগেই প্রণব চট্টোপাধ্যায়কে বর্ধমানের পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। বৃহস্পতিবার সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার আধিকারিকরা তাঁকে গ্রেফতার করে। এরপর আজ, শুক্রবার তাঁকে আসানসোল সিজিএম আদালতে তোলা হয়। তাঁকে তিনদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

RELATED Articles