বছর গড়ালেই লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাছাই শুরু হয়েছে সাংসদ প্রার্থীদের মধ্যে। পুরনো সাংসদরাই ফের টিকিট পাবেন নাকি নতুন মুখ আনা হবে, এ নিয়ে এখন আলোচনা তুঙ্গে সমস্ত দলগুলির মধ্যেই। শোনা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে বেশ কিছু নতুন মুখকে টিকিট দিতে চলেছে তৃণমূল।
তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনে প্রায় ২৮টি আসনে হয়ত নতুন মুখকে আনতে চলেছে ঘাসফুল শিবির। দলের প্রার্থী তালিকায় দুনিয়া জগতের রমরমা কমাতে বেশ কিছু নতুন মুখকে জায়গা দেওয়া নিয়ে আলোচনা চলছে দলের অন্দরে। তবে সেই চিন্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই খবর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
তবে জানা যাচ্ছে, বর্তমানে যেসমস্ত সাংসদ রয়েছেন, তাদের টিকিট দেওয়ার আগেও বেশ বাছাই পর্ব চলবে দলের অন্দরে। বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করেই ফের টিকিট পাবেন পুরনো সাংসদরা। যে বিষয়গুলি তৃণমূল জোর দিয়ে দেখবে, সেই বিষয়ে সাংসদরা উত্তীর্ণ না হলে, আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার স্বপ্নভঙ্গ হবে বেশ কিছু মুখের।
কোন কোন বিষয় খতিয়ে দেখবে তৃণমূল?
সাংসদ নিজের সংসদীয় এলাকায় কতটা সময় দিয়েছেন?
সাংসদ নিজের সংসদীয় এলাকায় কতটা সময় দিয়েছেন, কতটা কাজ করেছেন, তার উপর ভিত্তি করে টিকিট দেওয়া হবে সেই সাংসদকে। সূত্রের খবর, এর জেরে বেশ কিছু তারকা সাংসদ টিকিট পাওয়া থেকে বিরত থাকতে পারেন।
এলাকায় সাংসদের প্রভাব কেমন?
নিজের সংসদীয় এলাকায় কোনও সাংসদের প্রভাব কেমন, তিনি নিজের সংসদীয় এলাকায় আমজনতার সঙ্গে কেমন ব্যবহার করেন, তাদের সঙ্গে কতটা বোঝাপড়া রয়েছে সাংসদের, এর উপর ভিত্তি করে টিকিট দেওয়া হবে সাংসদদের।
দুর্নীতিগ্রস্ত কী না?
বর্তমানে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে দুর্নীতিতে। অনেক হেভিওয়েট তৃণমূল নেতা বর্তমানে জেলবন্দি। সেই কারণে প্রার্থী বাছাইয়ে অতি সতর্কতা পালন করছে তৃণমূল। দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে এমন সাংসদ বা মুখকে টিকিট দেওয়া হবে, যাদের নামে কোনও দুর্নীতির অভিযোগ নেই, এমনটাই তৃণমূল সূত্রে খবর।
সংসদীয় এলাকার মানুষদের প্রতিক্রিয়া?
তৃণমূল সূত্রে খবর, ২০২১ সাল থেকেই নানান লোকসভা কেন্দ্রগুলিতে সমীক্ষা চালাচ্ছে তৃণমূল। নানান লোকসভা কেন্দ্রের এলাকাবাসীরা তাদের সংসদ সম্পর্কে কী বলছেন, সংসদের কাজে তারা আদৌ খুশি কী না, সাংসদের সঙ্গে তাদের সম্পর্ক কেমন, এই সব কিছু বিচার করেই টিকিট দেওয়া হবে প্রার্থীকে।





