কোচবিহারের গীতালদহে তৃণমূলের অন্দরের কোন্দল তুঙ্গে উঠেছে। স্থানীয় সূত্রের খবর, নতুন মনোনীত হওয়া ব্লক সভাপতি একেবারেই মানতে নারাজ দলের একাংশ। গতকাল, বুধবার এই ঘটনাকে ঘিরে ব্লক সভাপতিকে তোপ দেগে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূলের স্থানীয় কর্মীরা।
জানা গিয়েছে কালো এই ঘটনার প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন দলীয় কর্মীরা। এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল হয় এলাকায়। নতুন মনোনীত ব্লক সভাপতি সঞ্জয় বর্মণের বিরুদ্ধেই স্লোগান দিতে থাকেন তারা।
দলীয় কর্মীদের একাংশের দাবী, নির্বাচনের আগে সিতাইয়ের বিধায়ককে পরাজিত করার জন্য সঞ্জয় বর্মণ ও তাঁর অনুগামীরা উঠেপড়ে লেগেছিলেন। আর এখন সেই সঞ্জয় বর্মণই পদ পেয়ে গেলেন, এটা একেবারেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন- ‘আপনার লবির জন্য ভয়ঙ্কর নাকানি চোবানি খেলাম’, দিলীপ ঘোষের উপর ক্ষোভ উগড়ে দিয়ে রাজনীতি ছাড়লেন রূপা
এই বিষয়ে এক বিক্ষুব্ধ তৃণমূল নেতার দাবী, সঞ্জয় বর্মণকে এভাবে এই পদে বসালে এলাকায় দল আরও ভেঙে যাবে। এই কারণে অবিলম্বে এই পদে অন্য কাউকে বসাতে হবে বলে দাবী তাঁর। এই ঘটনার জেরে তৃণমূলের অন্দরেও যথেষ্ট শোরগোল পড়েছে।
তবে জেলা তৃণমূল নেতৃত্ব এই ধরণের বিক্ষোভকে একেবারেই মানতে নারাজ। জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, দলবিরোধী কোনও কাজ মেনে নেওয়া হবে না।
তবে দলের একাংশের মতে, দলের অন্দরে কোন্দল মেটাতে অনেক রদবদল করা হয়েছে। কিন্তু এতে ফল হয়েছে উল্টো। নতুন যাকে বা যাদেরকে পদে বসানো হয়েছে, তাদেরকে ঘিরে নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে। এদিকে আবার বিজেপির দাবী, তৃণমূল ও কোন্দল, দুটি তো সমার্থক শব্দ।





