সকাল সকাল বিপত্তি! শিয়ালদহ শাখায় ট্রেন লাইনে ফাটল, বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আজ, মঙ্গলবার সকাল সকাল ঘটে যায় বিপত্তি। শিয়ালদহ দক্ষিণ শাখায় গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। এর জেরে বাতিল হয়ে যায় বেশ কয়েকটি লোকাল ট্রেন। লাইনে ফাটল দেখা দেওয়ার পরই তড়িঘড়ি তা মেরামতির কাজ শুরু হয়ে যায়। তবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। লাইনে ফাটলের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় চার জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়। কিছু ট্রেন দেরিতে চলছে বলেও জানা গিয়েছে।

সকাল সকাল এমন ঘটনা ঘটায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়। আজ মঙ্গলবার সকালে ৮টা ৩২ মিনিটের ক্যানিং–শিয়ালদহ মাতৃভূমি লোকাল–সহ চার জোড়া ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল দুর্ভোগের মুখে পড়েন নিত্যযাত্রীরা।

শনিবার এবং রবিবার ছুটি ছিল। এর সঙ্গে গতকাল, সোমবার জুড়ে যায় শ্রমিক দিবসের ছুটি। টানা তিনদিন ছুটি কাটিয়ে মঙ্গলবার সকালে কাজে বেরিয়ে ট্রেনের লাইনে ফাটলের নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। শিয়ালদহ দক্ষিণ শাখায় অনেক ট্রেন বাতিল করা হয়। একাধিক স্টেশনে সেটা ঘোষণাও করা হয়।

গড়িয়া প্ল্যাটফর্মের কাছে রেললাইনে ফাটল নজরে আসতেই শুরু হয়ে যায় মেরামতির কাজ। কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়। তবে ট্রেন চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়। এদিন ক্যানিং থেকে ৭টা ৫০ মিনিটের ট্রেনটি ছাড়ে ৮টা ২০ মিনিটে। ফলে অনেকেরই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়।

তবে লাইন মেরামত হতেই চলতে শুরু করে ট্রেন। আপাতত ট্রেন পরিষেবা স্বাভাবিক। ট্রেন চলতে শুরু করলেও প্ল্যাটফর্মে ভিড় জমে যায়। অনেক যাত্রী প্ল্যাটফর্মেই অপেক্ষা করছিলেন। ট্রেন চলাচল শুরু হতেই ঝাঁপিয়ে পড়েন তারা। অনেকগুলি ট্রেন বাতিলের জেরে বেশ ভিড় জমে যায়। তবে এখন ধীরে ধীরে ভিড় কমতে শুরু করেছে। 

RELATED Articles