সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির দু’টি মামলা থেকে সরানো হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এক সাক্ষাৎকারকে ঘিরে এমন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। কুন্তল ঘোষের যে চিঠি নিয়ে বিতর্কের সূত্রপাত, এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গতকাল, সোমবার হাইকোর্ট থেকে বেরোনোর সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার যত দূর মনে পড়ে, আমার কাছে যে ডকুমেন্ট জমা পড়েছিল, তাতে কুন্তল নিজে অভিষেকের নাম করেন। এ তো আমার বানানো বা আকাশ থেকে পেড়ে আনা কোনও নাম নয়”।
তিনি আরও বলেন, ‘‘তৃণমূল টিনোমূল বলে কোনও কিছু আমার কাছে নেই। যখন এ ধরনের মামলার বিচার করতে বসি, তখন দেখতে চাই দুর্নীতি আছে কি না”।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, “কোনও রাজনৈতিক দলের নাম বা প্রসঙ্গ বা কোনও সুবিধা নেওয়া- এ সব তো আসে না। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছেন”।
প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ আলিপুর আদালত ও হেস্টিংস থানায় চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। তিনি দাবী করেন, নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে ইডি-সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতে চিঠি দেন তিনি আদালতে।
কুন্তল যেদিন এই মন্তব্য করেন ঠিক তার আগের দিন শহিদ মিনারের সভায় অভিষেক বলছিলেন যে কুণাল ঘোষ, মদন মিত্ররা জেলে থাকার সময় তাদের অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল যে কুন্তলের মন্তব্যের সঙ্গে অভিষেকের ওই মন্তব্যের কোনও যোগসূত্র রয়েছে কী না। সেই কারণে তিনি নির্দেশ দিয়েছিলেন যে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি-সিবিআই। এদিন আদালত থেকে বেরিয়ে এই প্রসঙ্গেই মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার