সাতসকালে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন বিভ্রাট, ট্রেন চলাচলে ব্যাঘাত, চালককে মারধরের চেষ্টা, চরম ভোগান্তির মুখে যাত্রীরা

ব্যস্ত দিনে সাতসকালে ট্রেন পরিষেবা ব্যাহত শিয়ালদহ-বনগাঁ কর্ড লাইনে। সিগন্যালিংয়ের সমস্যার কারণে এমন বিভ্রাট ঘটে। এর জেরে বেশ ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। ট্রেনের চালককে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।

কী সমস্যা হয় এদিন?

জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যালে গণ্ডগোলের কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে যায়। বামনগাছি স্টেশনে আটকে যায় বনগাঁ থেকে শিয়ালদাহগামী দিনের দ্বিতীয় ট্রেনটি। সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় গোটা রুটের পরিষেবা। আর এর জেরে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

বামনগাছিতে কেন এতক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, সেই অভিযোগ তুলে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি ও মারধরের চেষ্টা করেন এক যাত্রী। স্থানীয় সূত্রে খবর, ট্রেনের অন্য যাত্রীরা আবার পাল্টা ওই যুবককেই মারধর করেন।

অভিযোগ আরপিএফের বিরুদ্ধেও

আরপিএফের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে উঠেছে বলে জানা গিয়েছে। ঝামেলার সময়ে তাদের দেখা মেলেনি বলে খবর। যখন এমন ঝামেলা শুরু হয়, সেই সময় দাঁড়িয়ে থাকা ওই ট্রেন চালক বারবার আরপিএফের সহযোগিতা চেয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই সময় স্টেশনে কোনও আরপিএফ ছিলই না। এর পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হতে থাকে।

বেশ কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় রেল পুলিশ। প্রায় দু’ঘণ্টা বাদে সিগন্যালের সমস্যা মিটলে ফের ট্রেন চলাচল শুরু হয়। সব ট্রেনই প্রায় ১ ঘণ্টা দেরিতে চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিলও হয়েছে বলে খবর। ট্রেন পরিষেবা ঠিকঠাক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে রেল। ফলে যাত্রীদের ভোগান্তি কমেনি।

RELATED Articles