স্টেশনে ফুটব্রিজ সম্প্রসারণের দাবী জানিয়ে ব্যারাকপুরে চলছে রেল অবরোধ। এর জেরে শিয়ালদহ মেইন শাখার একাধিক লাইনে বন্ধ ট্রেন চলাচল। এর জেরে সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। শিয়ালদহ থেকে আপ ও ডাউন শাখায় এই মুহূর্তে চলছে না ট্রেন।
কী দাবী বিক্ষোভকারীদের?
তাদের দাবী, প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারিত করতে হবে। আসলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ব্রিজটির আর সম্প্রসারণ করা হয়নি। ৪ নং ও ২ নং প্ল্যাটফর্ম রেলব্রিজ দ্বারা সংযুক্ত থাকলেও ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত তা নেই। ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের বারবার ব্রিজ বদল যাতায়াত করতে অনেকটা সময় লাগে। কখনও ট্রেন ছাড়তেও হয়।
আসলে ২০২০ সালে আমফান ঝড়ের সময়ে ব্যারাকপুর স্টেশনের ফুটব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ৩ বছর কেটে গেলেও সেই বেহাল অবস্থাতেই পড়ে আছে সেই ফুটব্রিজটি। এত বছরে প্রশাসনের কাছে বারবার সারানোর দাবী জানিয়েও লাভ হয়নি। গণসাক্ষর-সহ একাধিক কর্মসূচি করা হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। রেল সেই আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ। সেই কারণেই অবরোধের এই পথ বেছে নিয়েছে ব্যারাকপুর নাগরিক মঞ্চ।
আজ, সোমবার সকাল থেকেই অবরোধ শুরু করেন তারা। তারা জানান, এই অবরোধ কর্মসূচির কথা ১৫ দিন আগে থেকেই তারা স্টেশন চত্বরে প্রচার করেছিলেন। তবে এই কর্মসূচির জেরে যে যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তার কী সমাধান হবে?
এই বিষয়ে বিক্ষোভকারীদের বক্তব্য, একটা দিন একটু কষ্ট হবে কিন্তু সমাধান সূত্র মিলবে এর থেকে। তবে এমন করে আদৌ কোনও সুরাহা হবে কী না, তা নিয়ে সন্দিহান সকলেই। সপ্তাহের প্রথম দিনই কাজে যাওয়ার সময় এমন ট্রেন পরিষেবার বিভ্রাট ঘটায় ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। সকলেরই গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে।





