অতিমারী নিয়ে কেন্দ্রের সমালোচনা! তৃণমূল নেতার টুইট সহ পঞ্চাশের বেশি টুইট মুছল টুইটার

ভারতের বাড়ন্ত করোনা পরিস্থিতিকে নজরে  রেখে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে টুইট করেছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটক সহ আর‌ও অনেকেই। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেই টুইটগুলি এবার মুছে দিল টুইটার।

বিগত ২০শে এপ্রিল, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক টুইট করে লিখেছিলেন “করোনা নিয়ন্ত্রণে অব্যবস্থার জন্য ভারত কোন‌ওদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা করবে না। দেশ যখন গভীর করোনা সংকটে ভুগছে তখন লক্ষ লক্ষ প্রতিষেধক বিদেশে রপ্তানি করেছেন প্রধানমন্ত্রী, বাংলায় নির্বাচনী সভা করতে ব্যস্ত নমো”। সেই টুইট‌ই এবার মুছে দিল টুইটার।

অতিমারী নিয়ে কেন্দ্রের সমালোচনা! তৃণমূল নেতার টুইট সহ পঞ্চাশের বেশি টুইট মুছল টুইটার

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় সরকারের ভূমিকার ভালো-মন্দ নিয়ে টুইট করেছেন অনেকে। কিন্তু টুইটারকে সেই টুইটগুলি ব্লক করার জন্য কড়া নির্দেশ দেয় কেন্দ্র। যার ফলবশত করোনা অতিমারী নিয়ে লেখা প্রায় ৫০টি টুইট মুছে দিল টুইটার। এদের মধ্যে বহু বিশিষ্টজনের টুইটও রয়েছে যেমন সাংসদ রেবন্ত রেড্ডি, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, অভিনেতা বিনীত কুমার সিং এবং পরিচালক বিনোদ কাপরি ও অবিনাশ দাস। কেন্দ্র অবশ্য সাফাই দিয়ে জানিয়েছে, ঐ টুইটগুলি ভারতে তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী ঠিক নয়।আর‌ও যে সমস্ত টুইট মুছে দেওয়া হয়েছে তা হয় কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে লেখা অথবা অতিমারীতে সাধারণ মানুষের নাকাল হওয়ার কথা লেখা হয়েছিল বলে জানতে পারা গেছে। যদিও টুইটারের তরফে ঠিক কোন টুইট মুছে ফেলা হয়েছে তা বলা হয়নি। তবে যাদের টুইট মুছে ফেলা হয়েছে তাদেরকে ভার্চুয়াল নোটিস পাঠিয়ে বলা হয়েছে যে টুইটগুলি ভারত সরকারের মতে ভারতীয় আইনবিরুদ্ধ। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেনি কেন্দ্র।

তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি তীব্র সংকটের মধ্যে। নেই অক্সিজেন, পর্যাপ্ত ওষুধ, প্রতিষেধক‌। প্রাণ বাঁচানোর জন্য চারিদিকে শুধুই হাহাকার। গত কয়েক সপ্তাহে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। দেশে অক্সিজেন ঘাটতির ভয়াবহ চিত্র সামনে এসেছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে তোপ দেগে সরব হয়েছেন অনেকেই। কিন্তু সেই সমস্ত টুইট না পসন্দ কেন্দ্রের।

 তবে বিরোধী নেতাদের টুইট মোছা এই প্রথম নয়। ‌ সরকারের সমালোচনা করে টুইট করলে তা মুছে দেওয়া এখন ভারতের রীতি। যেমন কৃষক আন্দোলনের সময় সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সহ আর‌ও অনেকের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল। ‌  

RELATED Articles