অতিরিক্ত যাত্রী নেওয়ার জের, ১১ জনকে নিয়ে উলটে গেল অটো, রক্তারক্তি রাজপথে, মৃত ২ মহিলা যাত্রী

মুর্শিদাবাদের জঙ্গিপুরে এটা এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে চলে অটো। ১১ থেকে ১২ জন যাত্রী নিয়ে  বড় রাস্তায় ছোটে অটোগুলি। জীবনের বাজি রেখে ছুটতে থাকে অটো।

এদিনও তেমনটাই ঘটেছিল। ১১ জন যাত্রী নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে ছুটছিল অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এর জেরে মৃত্যু হয় দুই মহিলা যাত্রীর। আরও পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, উলটোদিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েছিলেন অটোচালক। বাঁ পাশে ঘুরে গিয়েছিলেন কিন্তু গতি অনেক বেশি থাকায় টাল সামলাতে পারে না অটোটি। এর ফলে যাত্রী নিয়ে উলটে যায় ও যাত্রীরা অটোর নিচে চাপা পড়ে যায়।

সামনে বসে থাকা দুজন যাত্রীর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। গলগল করে রক্ত বেরোতে থাকে। অটোচালকেরও গভীর চোট লেগেছে। তাদের সকলকে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাঁচজনের অবস্থা বেশ গুরুতর। তাদের শরীরের নানান জায়গায় আঘাত লেগেছে বলে খবর।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিত্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই ঘটনার জেরে। অতিরিক্ত যাত্রী নিয়ে অটোগুলি চলাচল করলেও পুলিশ প্রশাসন কেন কোনও পদক্ষেপ করে না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

RELATED Articles