নানান দুর্নীতির (corruption) জেরে রাজ্য ও রাজনীতি দুই-ই জর্জরিত। এর মধ্যে অন্যতম হল নিয়োগ দুর্নীতি (recruitment scam)। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতার। আর এর জেরে যে তৃণমূল (TMC) বেশ অস্বস্তিতে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নানান সরকারি ও দলের ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে ‘সততার প্রতীক’ লেখাটা সকলের চোখে পড়ত। মমতার দল যে সততা মেনে কাজ করে, এমনটাই দাবী করা হত দলের তরফে। কিন্তু এখন আর সেই লেখা বিশেষ দেখা যায় মমতার কোনও ছবিতে। কী কারণ? তা নিজেই জানালেন বিধায়ক তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এই সততার প্রতীক কথা প্রসঙ্গে উদয়ন বলেন, “সততার প্রতীক নিয়ে আজ নানা কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লিখতে পারছেন না সততার প্রতীক। তাঁর ১০০ শতাংশ অধিকার আছে। কিন্তু আমাদের মতো কিছু উদয়ন গুহ থাকার জন্য ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবির নিচে সততার প্রতীক লিখতে পারছেন না। তাঁর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন। আমরা উদয়ন গুহরা দায়ী। আমরা কাউকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছি। ঘর দেওয়ার নামে টাকা নিয়েছি”।
তাঁর সংযোজন, “কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে কোটিপতি হয়েছে। আবার যারা ধার দেনা করে টাকা দিয়েছে তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। যারা এই অসৎ কাজ করেছে আমি যদি টিকে থাকি তাহলে এসমস্ত লোকেদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে না। তার জন্য যদি আমার পদ যায় যাক। কিন্তু দুর্নীতি বরদাস্ত নয়”। দুর্নীতি নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, সেই সময় দাঁড়িয়ে উদয়নের এহেন মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, তাতে কোনও সন্দেহ নেই।






