‘নাটক বন্ধ না করলে বোমা মেরে উড়িয়ে দেব’, ডিএ আন্দোলনকারীদের অনশনমঞ্চে হুমকি পোস্টার, শাসকদলের যোগ দেখছেন সরকারি কর্মচারীরা

ডিএ আন্দোলনকারীদের (DA protesters) মঞ্চে এবার পড়ল হুমকির পোস্টার। এর জেরে ধর্মতলায় অনশনকারীদের মঞ্চে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ওই হুমকির পোস্টারে (threat poster) লেখা, “বোমা (bomb) মেরে মঞ্চ উড়িয়ে দেব”। তবে কে বা কারা এই পোস্টার দিল, তা এখনও জানা যায়নি।

এই পোস্টার পাওয়ার পরই ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন অনশনকারীরা। তবে তারা এও জানিয়েছেন যে এই হুমকি পেয়েও কিন্তু তারা কোনওভাবেই পিছু হটছেন না আন্দোলন থেকে। কোনও অবস্থাতেই নিজেদের দাবী থেকে সরে আসবেন না তারা।

রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতেই হবে, সেই দাবী নিয়ে গত দেড় মাস ধরে ধর্মতলার শহিদ মিনারে অনশনে বসেছেন সরকারি কর্মচারীদের বড় একটা অংশ। গত ১০ মার্চ তারা রাজ্যজুড়ে অনশনের ডাক দিয়েছিলেন। সমস্ত সরকারি পরিষেবা ওইদিন বন্ধ করার পরিকল্পনা করেন তারা।

তবে রাজ্য সরকারের প্রভাবে তা পুরোপুরিভাবে সফল হয়নি। এই আন্দোলনের সমালোচনা করেছিলেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রীরা। অনেকেই এই অনশন তুলে নেওয়ার কথাও জানান। কিন্তু তা বলে হুমকি পোস্টার দেবে? এটা হয়ত সত্যিই কাম্য নয়।

আজ, সোমবার সকালে শহিদ মিনারের মঞ্চে হাতে লেখা একটি হুমকি পোস্টার উদ্ধার হয়। যেখানে লাল, নীল, সবুজ কালিতে লেখা – “এই নাটক বন্ধ কর, নাহলে বম্ব দিয়ে মঞ্চ উড়িয়ে দেব”। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল, তা নিয়ে তদন্ত চলছে। তবে আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, শাসকদলের বড় কেউই এর নেপথ্যে রয়েছে। 

আসলে, কিছুদিন আগেই শাসক দলের নেতা ফিরহাদ হাকিম ডিএ আন্দোলনকারীদের অনশনকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিলেন। সেই কারণেই আন্দোলনকারীদের মত, এই হুমকি পোস্টারের পিছনে ফিরহাদেরই হাত রয়েছে। এই পোস্টারের কথা জানিয়ে ডিএ আন্দোলনকারীরা ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RELATED Articles