‘কায়দা করে ফাঁসানো হয়েছে, ও না থাকলে দলের ক্ষতি’, শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে দাবী মন্ত্রী উদয়ন গুহর

৫৫ দিন পর গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে। এই গ্রেফতারির পরই তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। এবার এই নিয়ে মন্তব্য করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, শাহজাহান না থাকলে আখেরে কিন্তু দলেরই ক্ষতি।

ঠিক কী বলেছেন উত্তরবঙ্গের মন্ত্রী?

শাহজাহানের গ্রেফতার ও তাঁকে দলে থেকে সাসপেন্ড প্রসঙ্গে এদিন উদয়ন গুহ বলেন, “যদি শেখ শাহজাহান নাও হয়, যদি অন্য কেউও হয়, তাহলেও দলের ক্ষতি হবে। একটা লোক যদি নির্বাচনের সময় আমাদের দলে না থাকে, সেটা তো দলের ক্ষতি। সেটা শেখ শাহজাহান হোক বা অন্য কেউ হোক”।

উদয়ন গুহর কথায়, শেখ শাহজাহান আসলে ‘ভুলের শিকার’। তাহলে শাহজাহানের গ্রেফতারিতে কোনও চক্রান্তের গন্ধ পাচ্ছেন মন্ত্রী। এই বিষয়ে প্রশ্ন উঠতেই উদয়নের স্পষ্ট জবাব, “চক্রান্তের শিকার কি না জানি না, কিন্তু ভুলের শিকার তো বটেই। বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে। সেটার পর থেকে এসব ঘটনাগুলো ঘটে গেল। আগে কখনও শেখ শাহজাহানের বিরুদ্ধে এসব অভিযোগ আমি শুনিনি”।

উল্লেখ্য, গতকাল, বুধবারই সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাঁর এই গ্রেফতারির পরই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ ডেরেক ও’ ব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার। সেখানেই ঘোষণা করা হয় যে শাহজাহানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করছে তৃণমূল। এরপরই শাহজাহানকে নিয়ে মুখ খুললেন উদয়ন গুহ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles