দাড়ি উপড়ে নেওয়ার মন্তব্য প্রত্যাহার, কিন্তু ফের নিশীথকে নতুন করে খোঁচা দিয়ে বিতর্কে জড়ালেন উদয়ন গুহ

অতীতে বারবার তিনি তাঁকে নানান ভাষায় আক্রমণ করে এসেছেন। নানানভাবে শানিয়েও এসেছেন। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) দাড়ি উপড়ে নেওয়ার হুঁশিয়ারি শানিয়েছিলেন তিনি। তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তবে শেষমেশ চাপের মুখে পড়ে নিজের সেই মন্তব্য প্রত্যাহার করে নেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guhau)।

তবে আগের মন্তব্য প্রত্যাহার করে নিলেও, নতুন করে ফের নিশীথকে খোঁচা দিতেও কসুর করলেন না উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। নিশীথের নিজের গ্রাম ভেটাগুড়িতে উপস্থিত হয়েই নিশীথের উদ্দেশে উদয়ন বললেন, “আমি বলেছিলাম দাড়ি গোঁফ উপড়ে নেওয়ার কথা। তা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তবে তিনি আমার ছেলের চেয়েও ছোট, তাকে কেন এসব বললাম। আমি মন্তব্য প্রত্যাহার করছি”।

এর পাশাপাশি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে খোঁচা দিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। বললেন, “ওকে তো মাঝেমধ্যেই জেলে যেতে হয়। ফলে দাড়ি গোঁফ তো বাড়বেই। তা বার বার উপড়ে নেওয়া কারও পক্ষে সম্ভব নয়”।

এদিকে আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির পুরানো মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। তাঁর নামে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। এবার রাজনৈতিকভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে পর্যদুস্ত করতে ফের হুঁশিয়ারি শানালেন উদয়ন গুহ। তাঁর পরামর্শ, “এমনভাবে ওনাকে ভোটে হারাতে হবে, বসার চেয়ার পেছনে সরাতে হবে”। মন্ত্রীর এহেন মন্তব্যে ফের নয়া বিতর্কের জন্ম হয়েছে।

আরও অন্যান্য খবর