চাকরি দেওয়ার নামে টাকা চাইলে ঘাড়ধাক্কা দিয়ে দল থেকে বহিষ্কার করা হবে, দাবী তৃণমূল নেতা উদয়ন গুহর

কোনও সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইলে তার দলে কোনও জায়গা নেই। তাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হবে। এমন কথাই জানালেন তৃণমূলের জেলা চেয়ারম্যান উদয়ন গুহ।

গতকাল, সোমবার দিনহাটার নাজিরহাটে একটি দলীয় কর্মীসভায় যোগ দেন উদয়ন গুহ। এদিনই এমন চাঁচাছোলা ভাষায় দলের নেতা-কর্মীদের সতর্ক করেন তিনি। এর পাশাপাশি তিনি দলের জেলা সভাপতিকেও সতর্ক করেন তিনি যেন অচেনা কোনও ব্যক্তির সঙ্গে ছবি না তোলেন। কেন? তা-ও খোলসা করেছেন তৃণমূল জেলা চেয়ারম্যান।

আরও পড়ুন- শারদীয়ার উপহার মমতার, প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান, বিদ্যুতের বিলে ছাড় ৫০ শতাংশ

এদিন তিনি বলেন, “আমি জেলা সভাপতিকে ছবি পাঠিয়ে বলেছি আপনার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে কী করে আপনার পাশে থাকে। জেলা সভাপতি বলছেন আমি তো সবাইকে চিনি না। আমি বলেছি এখন থেকে চেনা লোক ছাড়া কারোর সঙ্গে ছবি তুলবেন না। এরা তালেগোলে মাছ ধরার চেষ্টা করবে। এরা ছবি দেখিয়ে বলবে আমি তৃণমূলে ফিরে এসেছি। তোমরা টাকা দাও, চাকরির বন্দোবস্ত করে দেব”।

এরপর তিনি স্পষ্টভাবে দলের সমস্ত নেতা-কর্মীদের জানিয়ে দেন যে চাকরি দেওয়ার নাম করে টাকা চাইলে তাঁকে দল থেকে ঘাড় ধরে বের দেওয়া হবে। তৃণমূল নেতার কথায়, “একটা কথা পরিষ্কারভাবে বলছি চাকরি দেওয়া ঘর দেওয়া বা অন্য কোনও সুযোগ দেওয়ার কথা বলে কোনও দিন কোন নেতা কর্মী যদি কারোর কাছ থেকে টাকা নেয় তবে তৃণমূলে তার স্থান নেই। ঘাড়ধাক্কা দিয়ে তাকে দল থেকে বের করে দেওয়া হবে”।

আরও পড়ুন- কোনও কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নয়, আগামীকালই ভবানীপুরের প্রার্থী ঘোষণা করবে বিজেপি

এর পাশাপাশি তিনি আরও বলেন, “আমাদের কোনও কোনও নেতা এদিক ওদিক যান। আমি বলি ওখানে কেন গেলে ও তো দলের বিরোধিতা করছে। তিনি বলেন, পুরানো কিছু পাওনা আছে। আমি নেতাদের বলি পুরানো টাকার কথা ভুলে যান। আপনি যদি টাকা দিয়ে থাকেন তবে আর পাবেন না। যদি কিছু বলার থাকে তবে হিম্মত থাকলে রাস্তায় গাড়ি আটকে সেই টাকা আদায় করুন। বলার কিছু থাকবে না”।

RELATED Articles