বাংলা বিধানসভা নির্বাচনের বিজেপির প্রস্তুতি চলছে জোরদার। গেরুয়া রঙে বাংলাকে রাঙাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
এবারে তার সফরসূচি কিরকম হতে চলেছে তা দেখে নেওয়া যাক। কাল প্রথমে কাকদ্বীপের রথ যাত্রার সূচনা করবেন শাহ্। তারপর এক উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন তিনি L
আগামীকাল অর্থাৎ বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। এই শহরে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে যাবেন সাগরে। সেখানে কপিলমুনির আশ্রমে পুজোর দিয়ে এবারের বঙ্গসফর শুরু করবেন তিনি। পরবর্তী গন্তব্য, কাকদ্বীপের ইন্দিরা ময়দান। এই ইন্দিরা ময়দানে জনসভা ও রথযাত্রার সূচনা হবে। এরপর সোজা সুব্রত বিশ্বাসের বাড়িতে। বাংলাদেশ থেকে ভিটেমাটি ছেড়ে কাকদ্বীপে চলে এসেছেন তিনি। ঘর পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এই উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। মধ্যাহ্নভোজের পর রোড-শো, তারপর কলকাতা হয়ে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলায় বিধানসভা নির্বাচনকে নজরে দেখে ৫টি রথযাত্রা করার কথা ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। এই যাত্রার নামকরণ করা হয়েছে পরিবর্তন যাত্রা। গত ৬ই ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিনের সফরে এসে গত বৃহস্পতিবার কোচবিহারে রথযাত্রা সূচনা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। আবারও সেই রথযাত্রা কর্মসূচি উপলক্ষ্যেই বঙ্গে আসছেন শাহ্। এবার কাকদ্বীপ থেকে কলকাতা জোনের রথযাত্রা বা পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি।
তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহের সফরের ৪ দিন পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২শে ফ্রেরুয়ারি হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায় জনসভা করবেন তিনি। যে মাঠে জনসভা হবে, সেই মাঠটি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুঁচু্ড়া কোর্ট মাঠ কিংবা চন্দননগর হাসপাতাল মাঠে প্রধানমন্ত্রী জনসভা করবেন। কিন্তু শেষপর্যন্ত সাহাগঞ্জে ডানলপ কারখানার চত্বরের মাঠটিকেই চূড়ান্ত করে বিজেপি নেতৃত্ব। হাইভোল্টেজ এই সভার দিকে তাকিয়ে এখন রাজ্য।






