হবে না কোনও পরীক্ষা, বিগত সেমেস্টারের ৮০ শতাংশ নিয়ে তৈরি হবে চূড়ান্ত ফলাফল

নেওয়া হবে না কোনো পরীক্ষা, বিগত যে সেমেস্টার-এ সব থেকে ভাল ফলাফল করেছে ছাত্রছাত্রীরা, সেখান থেকে ৮০% নম্বর নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে স্নাতক স্তরের বিএ এবং বিএসসিতে আগের যে পার্টের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে একজন ছাত্র বা ছাত্রী তার মধ্যে থেকে ৮০% নেওয়া হবে এবং বাকি কুড়ি শতাংশ কলেজ টেস্টের নম্বর থেকে নেওয়া হবে। বিকম-এ যেহেতু সেমেস্টার পদ্ধতি চালু রয়েছে আগের যে সেমিস্টারের সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন ছাত্র বা ছাত্রী সেই সেমেস্টারের ৮০% নম্বর নেওয়া হবে এবং সেই সেমেস্টারের যে অভ্যন্তরীণ মূল্যায়ন হয়েছিল তার সর্বোচ্চ নম্বর নিয়ে চূড়ান্ত ফলাফল তৈরী করা হবে।

স্নাতকোত্তরের ক্ষেত্রে বিগত যে সেমেস্টারে একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছেন তার ৮০% নেওয়া হবে এবং বাকি ২০% কীভাবে নম্বর দেওয়া হবে তা সংশ্লিষ্ট বিভাগীয় কমিটির হাতে ছেড়ে দেওয়া হয়েছে।

সোনালী দেবী জানিয়েছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪৮ টি কলেজ রয়েছে সেখানে সমস্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে অনলাইন পরীক্ষা বা অ্যাসেসমেন্ট জমা দেওয়া সম্ভব নয় কারণ অনেকেরই অনলাইন পরিষেবা নেই। তাই সব দিক খতিয়ে দেখেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment