চালের মধ্যে অসংখ্য কালো কালো পোকা, রাগে ফেটে পড়ল গ্রামবাসী, বিক্ষোভের জেরে বন্ধ দুয়ারে রেশন

অত্যন্ত নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল দুয়ারে রেশন প্রকল্পে। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয় দুয়ারে রেশন প্রকল্পে। চালের মধ্যে অসংখ্য পোকা থাকে। এই নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত দুয়ারে রেশন প্রকল্পে খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়া হল।

এই ঘটনাটি ঘটেছে বানারহাটের তেলিপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখানকার রেশন ডিলার কৃষ্ণকুমার দাস নিম্মমানের খাদ্য সামগ্রী দেন। চালের মধ্যে অসংখ্য ছোটো ছোটো পোকা থাকে। সেই চাল খাওয়ার যোগ্যই নয়। সেই চাল সেদ্ধ হতেও দীর্ঘ সময় লাগে। এই অভিযোগ তুলে রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় রেশন বণ্টন।

এটাই প্রথমবার নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে খবর। এর আগেও রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। সেই নিয়ে একাধিকবার বলার পরেও কোনও লাভ হয়নি। রেশন ডিলার নিজের কাজ চালিয়ে গিয়েছেন।

এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্য সাহিরুল ইসলাম। রেশনে যে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, তা তিনি নিজেও স্বাইকার করে নেন। গ্রামবাসীদের পাশে দাঁড়ান তিনি। কথা বলেন রেশন ডিলারের সঙ্গে। ফুড ইন্সপেক্টরকে ফোন করে এ নিয়ে অভিযোগ জানান তিনি। এর জেরে বর্তমানে রেশন সামগ্রী বণ্টন বন্ধ রয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত রেশন ডিলারের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। এই বিষয়ে বানারহাট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রভা কুজুর বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। এই বিষয়টি নিয়ে ফুড ইন্সপেক্টরের সঙ্গে কথা বলবেন। তিনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি সবিস্তারে খতিয়ে দেখবেন বলে তিনি।

RELATED Articles