ভারতীয় দলের হাতে ওঠেনি বিশ্বকাপ। যদি তা হত, তাহলে যে সেই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব তিনিই পেতেন, তা অস্বীকার করা যায় না কোনওভাবেই। একের পর এক দুর্দান্ত উইকেট নিয়ে দলকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বোলার মহম্মদ শামি। তবে বিশ্বকাপ না জিততে পারলেও মানুষের মন অবশ্যই জয় করেছেন তিনি। এবার তিনি আরও এক এমন কাজ করলেন, তা দেখে তাঁর জন্য শ্রদ্ধাই আসবে সকলের।
পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল এক গাড়ি। সেই গাড়ি থেকে একজনকে উদ্ধার করে তাঁর প্রাণ বাঁচালেন শামি। ঘটনাটা ঘটেছিল যখন শামি নৈনিতালে গিয়েছিলেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন মহম্মদ শামি।
কী ঘটেছিল ঘটনাটি?
শামি যখন নৈনিতালে ঘুরতে গিয়েছিলেন, সেই সময় তাঁর চোখের সামনেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। তাঁর গাড়ির সামনে দিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তড়িঘড়ি গাড়ির ভিতরে থাকা ব্যক্তিকে বাঁচাতে ছোটেন শামি।
আরও কয়েকজন তাঁকে সাহায্য করতে এগিয়ে যান। সকলের চেষ্টাতে গড়িয়ে পড়া গাড়ির ভিতর থেকে একজনকে উদ্ধার করা। ওই ব্যক্তিকে নিজেই প্রাথমিক চিকিৎসা দেন মহম্মদ শামি। এই গোটা ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন তিনি।
শামি লিখেছেন, “উনি অত্যন্ত ভাগ্যবান ভগবান ওঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। ওঁর গাড়িটি নৈনিতালের কাছে আমার গাড়ির সামনেই পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল। আমরা ওঁকে নিরাপদেই বের করে আনতে পেরেছিলাম”।
View this post on Instagram
এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ছড়িয়ে পড়ে। আসতে থাকে একের পর এক কমেন্ট। ভারতীয় দলের এই বোলারকে তাঁর এই কাজের জন্য বাহবা দেন সকলে। নেটিজেনদের কথায়, “একটাই তো মন শামি ভাই, আর কতবার জিতবেন”। শামির এই কাজের জন্য তাঁর প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন সকলে। ভবিষ্যতেও এমন কাজ করে যাওয়ার কথা বলেছেন অনেকেই।





