ভোট গণনার দিনও রণক্ষেত্র ভাঙড়, ফের ঝরল রক্ত, বোমাবাজি, পুলিশের সঙ্গে সংঘর্ষ আইএসএফ কর্মীদের, মৃত ২

পঞ্চায়েত ভোট গণনার দিনও ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। বোমাবাজি, সংঘর্ষ কোনওকিছুই বাদ নেই। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ায় আইএসএফ কর্মীরা। ভোট লুটের অভিযোগ, গতকাল রাত থেকেই বোমা পড়ছে সেখানে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান আইএসএফ কর্মীরা। পুলিকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হলে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। গুলি লেগে মৃত্যু হয় দুই আইএসএফ কর্মীর।

কী ঘটেছে ভাঙড়ে?

সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের পরিস্থিতি। মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। স্থানীয়দের দাবী, রবার বুলেটও ছোঁড়া হয়েছে।

বোমাবাজির জেরে জখম হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তাঁর দেহরক্ষীও জখম হয় বলে খবর। নানান জায়গায় পড়ে রয়েছে বোমা। বোমার আঘাতের জেরে জখম হন দুই আইএসএফ কর্মী। তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণার এই এলাকা। রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে ভাঙড়। বোমাবাজি, গুলিগালা সবই চলেছে। পঞ্চায়েত ভোটের দিনও রণক্ষেত্রে পরিণত হয় ভাঙড়। আর সেই ধারা বজায় থাকল ভোট গণনার দিনও।

কে কত আসন পেল ভাঙড়ে?

ভাঙড়ে ১৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮টি তৃণমূলের দখলে এসেছে। আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট পেয়েছে একটি মাত্র পঞ্চায়েত। ভাঙড়-২ ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। কিন্তু এর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ। বুধবার সকালেও সেখানকার পরিস্থিতি থমথমে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন হয়েছে এলাকায়। জারি রয়েছে ১৪৪ ধারা।

RELATED Articles