জুলাইয়ে খুলছে বিশ্বভারতী, পড়ুয়াদের ক্যাম্পাসে চলে আসার নির্দেশ গেল ইমেল-এ

ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে গোটা রাজ্য। লকডাউনে সবার প্রথম প্রভাব পড়েছিল শিক্ষা প্রাঙ্গণে। ১৬ই মার্চ থেকে রাজ্যে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আনলক ১.০ পর্বে এবার জুনের শেষেই বিশ্ববিদ্যালয়ের ফটক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী। তবে করোনা সংক্রমণ রোধে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবাসিক পড়ুয়াদের উদ্দেশ্যে ইমেল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। সেখানে লেখা আছে, আগামী ২৮শে জুন থেকে ১লা জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বিধি মানার পাশাপাশি সমস্ত পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে এবং হস্টেলে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। জীবাণুমুক্ত করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাসঘর, দফতর, গ্রন্থাগার-সহ গোটা ক্যাম্পাস।

প্রসঙ্গত, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধু ২৯ জুন এবং ২ ও ৬ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে সেই নির্দেশিকায় রদবদল ঘটিয়ে ২৯ জুন রাজ্যের সব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

রাজ্য শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্কুল খোলার পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং যাতায়াতের সমস্যার কারণে পরীক্ষাকেন্দ্র বাড়ির কাছাকাছি নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে সমস্ত রকম স্বাস্থ্যবিধি পালন করা আবশ্যিক ঘোষণা করেছে সরকার।

RELATED Articles

Leave a Comment