তৃণমূলের বিরুদ্ধে অবাধ ছাপ্পা ভোটের অভিযোগ, এক ঘণ্টাতেই শেষ ভোট, সিল করা হল ব্যালট বক্স, ফেরানো হল ভোটারদের, বিশৃঙ্খলা উত্তর দিনাজপুরে

ভোট শুরু হতে না হতেই শেষ। মাত্র এক ঘণ্টাতেই সিল করে দেওয়া হল ব্যালট বক্স। এমনই অবাক করা কাণ্ড ঘটল উত্তর দিনাজপুরে। দেদার ছাপ্পা ভোটের কারণে বন্ধ করা হল ভোট প্রক্রিয়া। ব্যালট বক্স সিল করে ভোটারদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এমন ঘটনায় ছড়িয়েছে বিশৃঙ্খলা। তৃণমূলের নেতৃত্বে অবাধে ছাপ্পা ভোট করানোর অভিযোগ উঠল।

সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলায় ভাতপুকুরে ১ ঘণ্টার মধ্যেই ভোট শেষ হয়ে যায় বলে অভিযোগ উঠে এসেছে। সকাল ৭টায় ভোট শুরু হলেও ৮টায় ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় সকলকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক ঘণ্টা পর থেকেই বুথের ভোটকর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। বাইরের কিছু লোকজন বুথে ঢুকে পড়ে। শুরু হয় ছাপ্পা ভোট দেওয়া।

অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা বুথের ভেতর ঢুকে পড়েন। সব কর্মীদের বাইরে চলে যেতে বলেন। এবার দেদার ছাপ্পা দেওয়া শুরু হয়ে যায়। এহেন ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে। তাঁর নেতৃত্বেই এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ব্যালট বক্স সিল করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

এদিন পঞ্চায়েত ভোট শুরুর পর থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে এসেছে নানা অশান্তির ছবি। রানিনগর, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা থেকে বোমাবাজি, অবাধে ভোট লুঠ, ছাপ্পা ভোট, মারামারির খবর উঠে এসেছে। এরই মধ্যে অবাক করা কাণ্ড ঘটল উত্তর দিনাজপুরে।

সেখানে সমস্ত সরকারি ভোট কর্মীদের বুথের বাইরে বের করে চলে ছাপ্পা। কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের কোনও নজর পড়েনি। কোনও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তার মধ্যেই চলতে থেকে ভোট লুঠ। কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন মানুষ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

জানা যাচ্ছে, ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। ভোটারদের আশঙ্কা ছিল, এখানে ভোটে গন্ডগোল হবে। সেই কারণে সকাল সকাল ভোট দিতে যান তারা। কিন্তু মাত্র ৩ জন ভোট দিতে পেরেছেন। বাকিদের বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একঘণ্টার মধ্যে ভোট শেষ করে ব্যালট বাক্সও সিল করা হয় বলে জানা গিয়েছে।

RELATED Articles