রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর, আগামী ২৪ ঘণ্টায় চলবে এমনই দুর্যোগ, জানাল হাওয়া অফিস

রাত থেকে একটানা বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় গতকাল রাত থেকেই হয়ে চলেছে অবিরাম বৃষ্টি। কখনও মুষলধারে তো কখনও আবার টিপটিপ করে। টানা ৮-৯ ঘণ্টার বৃষ্টিতে কলকাতা-সহ জেলার রাস্তাঘাট জলমগ্ন।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট একটি নিম্নচাপ ছত্রিশগড়ের কাছে অবস্থান করছে। এর প্রভাবেই আগামীকাল, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জেলায় জেলায়। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদেরও মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ, বুধবার সারাদিনই আকাশের মুখ ভারই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম ব্রধ্মানে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও চলবে বৃষ্টি।

আগামীকাল পর্যন্ত কলকাতাতে বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি ধরে গেলেই ফের বাড়বে তাপমাত্রা। ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে।

আজ, বুধবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরেও। আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।

RELATED Articles