রাজ্যের হাজার হাজার চাকরি-প্রার্থীর অপেক্ষার অবসান! অবশেষে ঘোষণা করা হল বহু প্রতীক্ষিত SSC SLST নিয়োগ পরীক্ষারদিন। শিক্ষাদপ্তরের তরফে জানানো হয়েছে, নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা হবে ৭ সেপ্টেম্বর, ২০২৫, আর একাদশ-দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে ১৪ সেপ্টেম্বর, ২০২৫।
গত কয়েক মাস ধরেই প্রশ্ন ছিল—SSC SLST পরীক্ষা আদৌ কবে হবে? অবশেষে সরকারি বিজ্ঞপ্তিতে দিনক্ষণ ঘোষিত হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লক্ষ লক্ষ চাকরি-প্রার্থী।
কীভাবে শুরু হল এই নতুন নিয়োগ প্রক্রিয়া?
২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর বাতিল হয়ে যায় সেই প্যানেল। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর নিয়োগও বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে নতুন করে নিয়োগ চালু করতে বাধ্য হয় স্কুল সার্ভিস কমিশন (SSC)।
নতুন বিজ্ঞপ্তি জারি হয় ৩০ মে। আর আবেদন করার শেষ তারিখ ছিল ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
SSC জানাচ্ছে, এই নিয়োগে মোট আবেদন করেছেন ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন প্রার্থী! এর মধ্যে প্রায় ১৩ হাজার প্রার্থী আগে “যোগ্য” হিসাবে চিহ্নিত হয়েছিলেন। এবার তাঁদেরও নতুন করে আবেদন করতে হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
নবম-দশম শ্রেণি: ৭ সেপ্টেম্বর ২০২৫
একাদশ-দ্বাদশ শ্রেণি: ১৪ সেপ্টেম্বর ২০২৫
সময়: দুপুর ১২টা থেকে ১টা ৩০ পর্যন্ত (মোট দেড় ঘণ্টা)
বিশেষ সুবিধা: দৃষ্টিশক্তিহীন বা বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীরা অতিরিক্ত ২০ মিনিট পাবেন।
ফলাফল কবে? নিয়োগ কীভাবে?
SSC জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিয়ম খুব শিগগিরই প্রকাশ করা হবে।
সবকিছু ঠিকঠাক চললে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে।
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে কাউন্সেলিং প্রক্রিয়া।
কিন্তু প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে…
* এত বিপুল সংখ্যক আবেদনকারী—কারা পাবেন চূড়ান্ত সুযোগ?
* পরীক্ষাকেন্দ্রের বণ্টন কীভাবে হবে?
* প্রাক্তন ‘যোগ্য’ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কি?
* যদি ফল প্রকাশ বা কাউন্সেলিং দেরি হয়, তাহলে আদালতের হস্তক্ষেপ আসবে কি?
* এবং সবচেয়ে বড় প্রশ্ন—এবার থেকে কি নিয়মিতভাবে হবে SLST পরীক্ষা?
আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা বর্ষণ, সমুদ্র উত্তাল! নিম্নচাপের জেরে চলবে ঝড়বৃষ্টি আরও কয়েক দিন
রাজ্যের শিক্ষা মহলে এই নিয়োগকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকের মতে, এবার যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর শিক্ষা জগতে একটা নতুন দিশা খুলে যেতে পারে। চোখ এখন সেপ্টেম্বরের দিকে। SSC-এর ওপর এখন গোটা রাজ্যের নজর!





