করোনা পরিস্থিতির জেরে গত মার্চ থেকে বন্ধ স্কুলের গেট। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে ডিসেম্বর মাসে স্কুল খুলতে পারে, কিন্তু করোনা সংক্রমণের জেরে তাও বাতিল হয়ে যায়। আদৌ কবে স্কুল খুলবে, আর খুললেও কতদিনের মধ্যে পাঠক্রম শেষ করা যাবে, এ নিয়ে যথেষ্ট ধন্ধ ছিল। এই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে, ষষ্ঠ থেকে নবম শ্রেনির পড়ুয়াদের কোনওরকম পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হবে।
গতকাল, সোমবার সরকার ও সরকার-পোষিত বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি লেখেন পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। এই চিঠিতে জানানো হয় যে, এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের কোনও পরীক্ষা দিতে হবে না। অর্থাৎ, বিনা পরীক্ষাতেই পড়ুয়াদের সপ্তম থেকে দশম শ্রেণীতে তুলে দেওয়া হবে। তবে এর সঙ্গে চিঠিতে আরও জানানো হয় যে, করোনা পরবর্তীতে স্কুল খুললে পড়ুয়াদের সুবিধার্থে আগের শ্রেণীর পাঠক্রম পড়িয়ে দিতে হবে।
এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়, “স্কুল যখনই খুলুক এবং নিয়মিতভাবে ক্লাস চালু হোক, তখন বর্তমান শ্রেণীর (সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত) পড়াশোনা শুরুর আগে পড়ুয়াদের স্বার্থে পূর্ববর্তী শ্রেণীর পাঠক্রম ঝালিয়ে দিতে হবে শিক্ষকদের”।
এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের কোনও টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। তারা আগামী বছর সরাসরি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে পরীক্ষার্থীরা। এরপর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য এমন সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। করোনা পরিস্থিতির জেরে জনজীবন ব্যাহত হওয়ার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের জীবনও বেশ প্রভাবিত হচ্ছে।






