দক্ষিণবঙ্গে অতিরিক্ত গরম, এদিকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। দুই বঙ্গে একেবারে বিপরীত পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেশ কিছুদিন তীব্র তাপপ্রবাহে নাজেহাল হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, ঘামে প্যাচপ্যাচে পরিস্থিতি। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার বদল হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস (thunderstorm) রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৪ তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশের তেমন কোনো সম্ভাবনা নেই।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ও তীব্র গরম, প্যাচপ্যাচ পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বাড়বে আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চলতি সপ্তাহে বুধবার বিকেলের আগে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতি ও শুক্রবারে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (thunderstorm) সম্ভাবনা রয়েছে।
আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। গরমে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে- বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (thunderstorm) পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সাথে বইবে ঝড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
আজ মঙ্গলবার, কলকাতায় গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে রোদ ঝলমলে দিন। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন বোঝা যাবে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (thunderstorm) পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দুই জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।





