সংক্রান্তি কাটতেই ফের হাওয়া বদল। গত দু’দিন ধরে যে কনকনে ঠাণ্ডা পড়েছিল, সেই তুলনায় আজ, মঙ্গলবারের ঠাণ্ডা অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এবার উত্তুরে হাওয়ার সঙ্গেই দোসর বৃষ্টিও। ফলে গায়ে সোয়েটার-জ্যাকেট চাপালেও মাথার উপরে ছাতাটা ধরতেই হবে বাইরে বেরোলে।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে উত্তর-পশ্চিম ভারতে। আবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই দুইয়ের প্রভাবেই বাড়বে পূবালী হাওয়ার দাপট। আর হবে বৃষ্টি। উত্তরের পকাচ জেলা ও দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে ফিকে হতে পারে শীত।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। গড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।
এই অসময়ের বৃষ্টির ফলে ফসলের ক্ষতির হওয়ার আশঙ্কা প্রবল। ধান ও সবজি চাষ ব্যাহত হতে পারে বলে জানা যাচ্ছে। কুয়াশার দাপট জারি থাকলেও চাষের কাজ ব্যাহত হবে। ফলে মাঘের শুরুতেই শীত ও বৃষ্টির জেরে চাষিদের চিন্তা বাড়ল।
কবে কোথায় হবে বৃষ্টি?
মঙ্গলবার বৃষ্টি হবে
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি।
বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে
কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলায় হালকা বৃষ্টি।
শুক্রবার বৃষ্টি হবে
দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি।






