জাঁকিয়ে শীত এখনও পড়ে নি ঠিকই, কিন্তু কলকাতার তাপমাত্রা প্রতিদিনই একটু একটু করে কমছে। আজ, বুধবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়া হু হু করে ঢোকায় আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও খানিকটা পড়বে বলেই মনে করা হচ্ছে। এমনটাই আভাস দিল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। আজ, বুধবার সকালে পথঘাটে ভালোই কুয়াশা দেখা দিয়েছে। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। এর ফলে ভোরের দিকে শীতে জবুথবু অবস্থা হয়েছিল শীতকাতুরেদের।
শীতবিলাসীরা এই আবহাওয়া কিন্তু বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল, বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। সপ্তাহের শেষে রাজ্য জুড়ে শীতের আমেজ বাড়বে। এক ধাক্কায় অনেকটা নামবে পারদ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে উত্তর-পশ্চিমের হাওয়া ঢুকতে পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে বাধা দিচ্ছে না। আর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কোনও সম্ভাবনাও নেই। আর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা এখন রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে। আর তা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে।
তবে ২৪শে নভেম্বর বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত হলেও হতে পারে। এই পরবর্তীতে শক্তি বাড়িতে নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ এবার কোনদিকে যায়, সেদিকেই নজর থাকবে আবহবিদদের।





