বিগত বেশ কিছুদিন ধরেই আবহাওয়া বেশ মনোরম হয়ে রয়েছে। রাতে বা ভোরের দিকে হিমেল পরশ অনুভূত হচ্ছে বেশ। তবে এবার জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষা প্রমাদ গুনছে বঙ্গবাসী। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হাওয়াবদলের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ হালকা মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, বেলা যত বাড়বে, মেঘ কেটে গিয়ে সূর্যের হাসিমুখের দেখা মিলবে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকবে। জানা গিয়েছে, ভোরের দিকে হিমেল হাওয়ার প্রভাবে শীত অনুভূত হলেও জাঁকিয়ে ঠান্ডা এক্ষুনি পড়ছে না।
তবে এই মুহূর্তে জাঁকিয়ে শীত না পড়লেও পারদপতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১২ নভেম্বর, অর্থাৎ শনিবার থেকেই তাপমাত্রা বেশ খানিকটা কমতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে ৩-৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে জানানো হয়েছে।
আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
গতকাল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার তাপমাত্রা ২০-৩১ ডিগ্রি সেলসিয়ারের মধ্যেই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।





