নভেম্বরের শেষের দিকে তাও শীত শীত ভাব থাকলেও, ডিসেম্বর শুরু হতেই যেন শীত পালাল। বছর শেষ হতে চলল কিন্তু হাড় কাঁপানো শীতের দেখা নেই রাজ্যে। বরং গত ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল। আগামী ৩ দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
নভেম্বর পড়ার পর থেকেই শীত যেভাবে ব্যাটিং শুরু হয়েছিল, মনে করা হয়েছিল বোধ হয় এই বছর রেকর্ড ঠান্ডা পড়তে পারে। গত মাসে ১৬ ডিগ্রিতেও নেমে যায় তাপমাত্রা, যা নভেম্বরের তাপমাত্রার রেকর্ড পতন হিসেবেও ধরা হয়। কিন্তু ডিসেম্বর পড়তেই উত্তুরে হাওয়া যেন উধাও। রোদের তেজ বাড়তেই তাপমাত্রাও বাড়ছে। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহান্ত থেকেই ঠান্ডা পড়তে পারে। তবে আবহাওয়ার এই খামখেয়ালি স্বভাবও বজায় থাকবে৷
আলিপুর আবহাওয়া দফতরের কথায়, সর্বনিম্ন তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে আগামী কয়েকদিনের তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত অনুভব করার জন্য রাজ্যবাসীকে এখনও একটু অপেক্ষা করতে হবে। কলকাতা ছাড়া বাকি জেলায় শীতের আমেজ ভালোই রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বেশ ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৯ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯২ শতাংশ, ন্যূনতম ৫০ শতাংশ। এর মধ্যে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
যদিও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্যে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হচ্ছে। এই সপ্তাহের শেষে তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস।





