দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। রাত পোহালেই মহালয়া। এর আগে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর। এখন বাঙালির একটাই জিজ্ঞাসা, দুর্গাপুজোতে কী বৃষ্টি হবে? বৃষ্টির জেরে সব প্ল্যান ভেস্তে যাবে না তো? কী জানাচ্ছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক উপকূল পর্যন্ত যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। আবার উত্তর কঙ্কন থেকে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সেটি আবার মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত।
এমন পরিস্থিতি জেরেই বাংলায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। জানা গিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। চলতি সপ্তাহে মাঝে মাঝে চড়া রোদ থাকবে আবার মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ। কিছু জেলায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশ থেকে এই মুহূর্তে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে। পুজোর সময়ে তাই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গেও এমনই আবহাওয়া পরিস্থিতি থাকবে। তবে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে সামান্য বৃষ্টি বাড়বে।
আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯২ শতাংশ। আজ আকাশ সারাদিনই আংশিক মেঘলা থাকবে, মাঝেমধ্যে দেখা যাবে রোদ।





