মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে, আরও পারদ পতন হবে শহরে, এবার ঠাণ্ডায় জুবুথবু হওয়ার পালা

ফের পারদ পতন শহরে। তাপমাত্রা আরও কমল। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।

সারাদিনে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে বিশেষ হেরফের হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আকাশ সারাদিন পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কনকনে ঠান্ডা পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতেও ইতিমধ্যেই বেশ শীত পড়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। কলকাতার থেকে উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপামাত্রা প্রায় ২-৩ ডিগ্রি কম।

জেলাগুলিতে ভোর বেলাথেকেই সাধারণ মানুষের আগুন পোহানোর ছবি সামনে আসছে।। ডিসেম্বরের শেষের দিকে এসে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বাঙালি। এমন জমিয়ে ঠান্ডা পড়তেই বাঙালির হৃদয় ঘুরপাক খাচ্ছে নতুন গুড় এবং পিঠে-পুলির দিকে।

হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, তা কেটে গিয়েছে। বাংলায় এবার হিমেল উত্তুরে হাওয়া ঢুকতে কোনও সমস্যা নেই। বাংলায় এর জেরে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। ডিসেম্বর পড়লেও গত সপ্তাহের শেষের দিকে শীতের দেখা তেমন ছিল না। তবে এবার বাঙালি বেজায় খুশি। গরমের জামাকাপড়, লেপ-কম্বল এবার বের হতে শুরু করেছে।

আরও অন্যান্য খবর