নভেম্বর মাসটা বঙ্গবাসীকে হতাশই করেছে শীত। তবে ডিসেম্বর পড়তেই তা সুদে-আসলে চোকাচ্ছে। বঙ্গে শীতের স্পেল অব্যাহত। আজ, বুধবার মরশুমে শীতলতম দিন কলকাতায়। শহরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির নীচে। আর পশ্চিমের জেলাগুলিতে তো তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আরও কিছুটা ঠান্ডা বেড়েছে। কলকাতার তাপমাত্রা একদিনে প্রায় এক ডিগ্রি কমে গিয়েচছে। আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত আজই কলকাতার শীতলতম দিন। জেলায় ঠান্ডা আরও বেশি। পশ্চিমের জেলাগুলিতে ১০-১১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঠান্ডা থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তর-পশ্চিমের বাতাস বইবে। উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমেই বাড়বে বঙ্গে। আগামী শনিবার পর্যন্ত শীতের এমন ব্যাটিংই চলবে বলে জানা যাচ্ছে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পার্থক্য দেখা যাবে না।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ঠিকই, তবে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোচবিহারে কুয়াশা বেশি থাকবে। আজ, বুধবার বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবার দক্ষিণ-পূর্ব আরবসাগর ও মালদ্বীপে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা রয়েছে নতুন করে।






