উত্তরবঙ্গে জারি অতিভারী বৃষ্টি, দক্ষিণের আকাশে মেঘ-রোদ্দুরের খেলা, কবে ভিজবে দক্ষিণবঙ্গের মাটি?

ভরা বর্ষাকাল চললেও দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই। বর্ষাকালীন বৃষ্টি সেভাবে পায়নি দক্ষিণবঙ্গের মানুষ। ওদিকে উত্তরবঙ্গে আবার এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে প্রবল বৃষ্টি। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া এমনই থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ এবং উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায়। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। উত্তরের অন্যান্য জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হবে না। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জেরে ভ্যাপসা গরম বজায় থাকবে। জেলাগুলিতেও সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বিশেষ হেরফের লক্ষ্য করা যাবে না। মোটের উপর দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন একই রকম থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি। কখনও আকাশ ঢেকে যাচ্ছে মেঘে তো কখনও আবার রোদের ছটার তেজ। এদিন দিনভর আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৮৫%। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।

RELATED Articles