পঞ্চায়েত ভোট হিংসায় বারবার কোচবিহারের দিনহাটার নাম উঠে এসেছে। ভোটের দিন এই এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দিনহাটা যেন ভোট সন্ত্রাসের আঁতুড়ঘর। ভোট গণনার দিনও অব্যাহত রইল রক্তের ধারা। বোমা ফেটে ঝলসে গেল এক কিশোর, সঙ্গে জখম এক মহিলাও।
সূত্রের খবর, গোসানিমারিতে মাঠের মধ্যে বোমা পড়েছিল। সেটিতে আঘাত লাগতেই তা ফেটে যায়। এই বোমার আঘাতে ঝলসে যান এক কিশোর। এক মহিলাও জখম হয়েছেন বলে খবর। দু’জনকেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম হন একজন। বোমা ফেটে এক ব্যক্তির হাত উড়ে যায় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ভাঙড়ে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ঝলসে গিয়েছিল দুই শিশু। চার বছরের একটি মেয়ে ও বছর সাতেকের একটি ছেলে। বেশ আশঙ্কাজনক অবস্থা হয় তাদের। কলকাতার হাসাপাতালে ভর্তি করা হয়েছিল দুই শিশুকে।
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিক হিংসার ছবি উঠে আসতে থাকে। তবে এর মধ্যে অন্যতম ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কোচবিহারের দিনহাটার নাম। বারবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়েছে দিনহাটা। ঝরেছে রক্ত। ভোটের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। কিন্তু ভোট মিতলেও হিংসা থামছে না তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গড়ে।





