ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি হাওয়া অফিসের

শ্রাবণ মাস কেটে গেলেও বর্ষার ঘাটতি রয়েই গিয়েছে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে কিছু হালকা থেকে ভারী বৃষ্টি হলেও, সেভাবে এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি এই মরশুমে উপভোগ করে নি দক্ষিণ বঙ্গবাসী। তবে এবার নিম্নচাপের জেরে কিছুটা স্বস্তি পেতে পারে মানুষ, এমনটাই মনে করা হচ্ছে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ ওড়িশার দিকে সরলেও, এর প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলী, বীরভূমের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়াতেও প্রবল বৃষ্টি হবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে চলেছে। ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা-সহ নানান প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, বর্ষার মরশুমে অধিক বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গ। বৃষ্টির জেরে বন্যার পাশাপাশি ধসের সতর্কতাও জারি করা হয়েছিল। আগামী কয়েকদিনেও দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে নিম্নচাপের জেরে বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির খরা আদৌ কতটা পূর্ণ হবে, তা নিয়ে বেশ সংশয় রয়েছে।

আজ, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূমের একাধিক প্রান্তে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮২ শতাংশ।

RELATED Articles