জোড়া ঘূর্ণাবর্তের চাপ বাংলার উপর, দুর্যোগের মেঘ ঘনাচ্ছে ক্রমশ, প্রবল বর্ষণের মধ্যেই কী উদযাপন হবে একুশে জুলাই?

সামনেই একুশে জুলাই। জেলায় জেলায় চলছে প্রস্তুতি। কিন্ত এরই মধ্যে আবহাওয়া নিয়ে খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্তের চাপ রয়েছে বাংলার উপর। এর জেরে একুশে জুলাই বেশ ভারী বর্ষণের মধ্যেই কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

বিগত কিছুদিন ধরেই মেঘ জমছে আকাশে। মাঝমধ্যেই দু-এক পশলা বৃষ্টি হচ্ছে শহর থেকে জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে দিনভর মেঘলাই থাকবে আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে। আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কী অবস্থান ঘূর্ণাবর্তের?

আগামী ২৪ ঘণ্টায় নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবার মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালেশ্বরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায়।

কেমন তাপমাত্রা থাকবে আজ?

আজ, মঙ্গলবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও আকাশ সারাদিনই মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না এখনই।

আর কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা?

মৌসম ভবনের পূর্বাভাস, জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণের কেরালা ও মাহেতে ভারীবৃষ্টি হতে পারে। এছাড়াও, আগামী কয়েকদিন কঙ্কন ও গোয়া, উত্তরাখন্ড, রাজস্থান, ছত্রিশগড়, সৌরাষ্ট্র, কচ্ছ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা ও গুজরাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

RELATED Articles