ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করে গিয়েছে। আর ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা নামবে দক্ষিণবঙ্গে। নানান জেলায় হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর প্রাক বর্ষার আবহাওয়ার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমেছে। আর্দ্রতাজনিত অস্বস্তিও খানিকটা কমেছে।
আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ জুড়েবিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে। এর ফলে নদীতে জল স্তর বৃদ্ধি হবে। এর জেরে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় ডুবে থাকবে পাহাড়। দার্জিলিং এবং কালিম্পংয়ে ধস নামারও আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কম আজ। বর্ষা আসার অনুকূল পরিস্থিতি রয়েছে শহরে।দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ও পশ্চিম বর্ধমানে।





