বৃষ্টি যেন পিছু ছাড়তেই চায় না বাংলার। শীতের বিদায়কালেও ভিজবে বাংলার মাটি। গত কয়েকদিন ফের একটু শীতের আমেজ উপভোগ করা গেলেও এবার ফের রাজ্যে আগমন ঘটছে বৃষ্টির। এর ফলে উধাও হবে শীত। আর তারপর থেকে ধীরে ধীরে তা যাবে অস্তাচলে।
আগামীকাল, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। এদিন আবার পড়েছে সরস্বতী পুজোও। ফলে প্রেমে ভরপুর একটা দিন বলাই যায় আগামীকালকে। কিন্তু এই প্রেমের পথে কাঁটা আবহাওয়ার খামখেয়ালিপনা। আগামীকাল, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাত্র একাধিক জেলায়।
কী বলেছে হাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৮-১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা। উত্তরবঙ্গের দুই জেলায় হতে পারে বৃষ্টি। আগামীকা, বুধবার কলকাতায় সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। বৃহস্পতিবারও হালকা বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার বিকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশ।
কোথায় কবে হবে বৃষ্টি?
- ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবারঃ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা বাতাস বইবে।
- বুধবার, ১৪ তারিখঃ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারিঃ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।





