আগামীকাল থেকেই হাওয়া বদল! বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা, রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাসও

গ্রীষ্মকাল এখনও পুরোপুরিভাবে পড়ে নি। এরই মধ্যে বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল-বুধবার থেকেই দেখা যাবে আবহাওয়ার পরিবর্তন। সময়ের আগেই কালবৈশাখী আসবে বঙ্গে। এরই মধ্যে ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে ক্রমেই ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এর জেরে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

গত রবিবার থেকেই দেশের পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলছে। ১৩ মার্চ পশ্চিম মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাতে, ১৫ মার্চ পূর্ব মধ্যপ্রদেশে, ও ১৪ মার্চ দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেয় মৌসম ভবন।

এই রাজ্যেও ঝড়বৃষ্টির প্রভাব পড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের নানান জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে রাজ্যে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামীকাল, বুধবারের পর থেকে আকাশে মেঘের ঘনঘটা দেখা যাবে। আর বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। এর পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন হাওয়া অফিস।

বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে।

RELATED Articles