OMR শিট মুড়িয়ে কেক বিক্রি হচ্ছে দোকানে, নিয়োগ দুর্নীতিতে OMR শিটে কারচুপির বিতর্কের মাঝেই বড় চাঞ্চল্য অনুব্রতর গড়ে

নিয়োগ দুর্নীতি নিয়ে এখন গোটা রাজ্য উত্তাল। এরই মধ্যে যোগ হয়েছে OMR শিটে কারচুপির অভিযোগ। আর এসবের মাঝেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটতে দেখা গেল অনুব্রত মণ্ডলের গড়ে। OMR শিট মুড়িয়ে দোকানে বিক্রি হচ্ছে কেক। এর জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুরে।

জানা গিয়েছে, গতকাল, সোমবার সকালে বোলপুরের শান্তিনিকেতনের একটি চায়ের দোকানে যান কয়েকজন যুবক। কেক কিনতে গিয়েই বিষয়টি চোখে পড়ে তাদের। দেখা যায়, OMR শিট মুড়িয়ে বিক্রি হচ্ছে কেক।

সেই OMR শিটের কোনওটাতে পরীক্ষার্থীর নাম দেখা যাচ্ছে তো কোনওটাতে আবার দেখা যাচ্ছে রোল নম্বর। এর জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। OMR শিটের মতো এমন গুরুত্বপূর্ণ জিনিস এভাবে বাইরে কী করে এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই দোকানদার ওই কেক কোথা থেকে এনেছেন, তা নিয়েও জিজ্ঞাসাবাদ শুরু হয়।

তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দোকান মালিক। শোনা গিয়েছে, ব্যান্ডেলের একটি দোকান থেকে বীরভূমের ওই চায়ের দোকানের মালিক ওই কেক আনেন। তবে সবক্ষেত্রেই প্রশ্ন একটাই, ওএমআর শিট এভাবে বাইরে বের হল কীভাবে।

এর পাশাপাশি এতে যেন আরও স্পষ্ট হয়ে উঠল দুর্নীতি। যদিও ওএমআর শিটগুলি কোন পরীক্ষার তা এখনও স্পষ্ট নয়। বিষয়টা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

আরও অন্যান্য খবর