চলতি মরশুমের শীতলতম দিন, বড়দিনের আগেই তাপমাত্রার পতনে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ

মাঝ ডিসেম্বরে এসে একেবারে ঝোড়ো ব্যাটিং শীতের। উত্তরবঙ্গকে সমানে সমানে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গও। আজ, শনিবার এখনও পর্যন্ত চলতি মরশুমের শীতলতম দিন। বেশ অনেকটাই নেমে গেল শহরের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট একই রকম বজায় থাকবে। তাপমাত্রার পতনের দিক দিয়ে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতে বড়সড় তাপমাত্রার পতন হবে।  আবহাওয়াবিদদের মতে, আগামী বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

আজ, শনিবার চলতি কলকাতায় মরশুমের শীতলতম দিন। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী সপ্তাহে আরও কমবে তাপমাত্রা। আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৭ থেকে ৯৪ শতাংশ। 

উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সিকিম এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।

শুধুমাত্র বাংলাই নয়, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নীচে থাকবে। কোথাও কোথাও আবার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্তও নেমে যেতে পারে। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে পারাপতনের সম্ভাবনা। ৫ ডিগ্রিতে নেমে যেতে পারে সমতলের রাজ্যগুলির তাপমাত্রাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles