অ্যাম্বুলেন্স খারাপ, নিয়ে যাওয়া গেল না হাসপাতালে, বাড়িতেই বিনা চিকিৎসায় মৃত্যু চা শ্রমিকের

অ্যাম্বুলেন্সের অভাবে মৃত্যু হল চা শ্রমিকের। ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন করলে জানানো হয় যে অ্যাম্বুলেন্স খারাপ তাই যাওয়া যাবে না। এর জেরে বাড়িতেই বিনা চিকিৎসায় প্রাণ খোয়ালেন চা শ্রমিক। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে বীরপাড়ার ঢেকলাপাড়া চা বাগানে। মৃত ওই চা শ্রমিকের নাম সুশীল ওরাও। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুশীল। বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা নেই ওই পরিবারের। সেই কারণে ফোন করা হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু হাসপাতালের তরফে জানানো হয় যে অ্যাম্বুলেন্স খারাপ। তাই সুশীলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যে বাড়িতেই মৃত্যু হয় তাঁর।

বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। কিন্তু এরপরও কেন পরিষেবা মিলল না, সেই নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে সুপারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

এদিকে সুশীলের মৃত্যুর খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শোকের ছায়া নেমে আসে এলাকায়। এই ঘটনায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে এই বিষয়টা তিনি জানেন না। তিনি খোঁজ নিয়ে দেখবেন। ব্যবস্থাও নেবেন।  

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে চা বাগান বন্ধ। এর ফলে অর্থকষ্টে ভুগছেন এলাকার চা শ্রমিকরা। আর এরই মধ্যে এভাবে চা শ্রমিকের মৃত্যুর ঘটনা নতুন করে শোরগোল ফেলেছে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে বানারহাটে প্রশাসনিক সভায় আলিপুরদুয়ারের বন্ধ ৪টি চা বাগান ও জলপাইগুড়ির ২ টি চাগান অধিগ্রহনের কথা বলেছেন। এই ঢেকলাপাড়াও রয়েছে সেই তালিকায়।

RELATED Articles