ফের ভোলবদল আবহাওয়ার। এ যেন মাঘের শেষে শীত ও বসন্তের লুকোচুরি চলছে। কখনও রোদ তো কখনও আবার মেঘলা আকাশ। ফের বঙ্গে শীতের শিরশিরানি। সরস্বতী পুজোতে কী শীত ফিরছে? কী বলছে আবহাওয়া দফতর?
হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে সাময়িক ভাবে ঠান্ডা ফিরলেও তা ক্ষণস্থায়ী। কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পাড়ে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। আজ, বুধবার কলকাতায় দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।
কেন এভাবে কমে গেল শীত?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরেই বাংলায় বদলাচ্ছে আবহাওয়া। উত্তর-পশ্চিমের হাওয়া ঢোকার পথে বাধা তৈরি করছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে শীতের দাপট কমেছে। ভোরের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা থাকছে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই সকালে কুয়াশা দেখা যাবে কয়েকদিন। তিনদিন তাপমাত্রা সামান্য করে কমবে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে ১০ তারিখ থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে খবর। উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত থাকায় দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আবার উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন জানাচ্ছে, আগামী দুদিন উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আগামী তিনদিন। অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে।





