সবেমাত্র সোয়েটার-কম্বল সব আলমারিতে তোলা শুরু হয়েছিল বলে। কিন্তু এরই মাঝে শীতের ঝটকা। চলে গিয়েও যেন ফিরে এল সে। বড়সড় আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। শীত আপাতত বিদায় নিচ্ছে না বঙ্গ থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই গতকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও বেড়েছিল গতকাল বেশ। শীত বিদায় নিতেই বসেছিল। কিন্তু হঠাৎ ইউটার্ন। এখনই বিদায় নিচ্ছে না শীত, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, দু’দিনের জন্য ঠাণ্ডা ফিরবে জেলায়। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার পারদ ১৮ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা।
কেন হঠাৎ এই হাওয়া বদল?
আবহাওয়া দফতর সূত্রে খবর, ছত্তিশগড় ও উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। আবার কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সেই অক্ষরেখা দুর্বল হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমেছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানাল আবহাওয়া দফতর। সকাল-সন্ধ্যে শীতের আমেজ মিলবে। তবে বেলার দিকে তাপমাত্রা একটু বাড়বে। আগামী দু’দিন তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে যেতে পারে বলে জানা গিয়েছে। তবে শনি ও রবিবার থেকেই তাপমাত্রা ফের বাড়বে। আগামী সপ্তাহে তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি চলে যাবে।
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি হবে না বলেই জানাল হাওয়া অফিস। মূলত পরিষ্কার আকাশ থাকলেও উত্তরবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।





