সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিতে ভেস্তে যাবে না তো শুক্রবারের দুর্গাপুজোর কার্নিভাল? কী জানাচ্ছে হাওয়া অফিস?

ভ্যাপসা গরমের দিন আপাতত শেষ। এবার ধীরে ধীরে ঢুকবে উত্তুরে হাওয়া। তারপরই শুরু শীতের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতা-সহ দুই বঙ্গেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আজ রেড রোডে রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। এদিন কেমন থাকবে আবহাওয়া?

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলাই থাকবে। তবে বৃষ্টির কোনও আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় হামুন আপাতত শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মিজোরামে অবস্থান করছে ওই ঘূর্ণিঝড়। তবে সেই প্রভাব বাংলায় পড়বে না।

আজ দুর্গাপুজোর কার্নিভালে অংশ নেবে ১০০টিরও বেশি পুজো। প্রতি বছরের মতো জমায়েত হবেন হাজার হাজার মানুষ। পুজোর সময় নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টির জেরে ঠাকুর দেখায় খানিকটা বাধা পড়ে। ফলে সকলের মনে আশঙ্কা দানা বেঁধেছে যে কার্নিভালের দিনও বৃষ্টি সব পণ্ড করে দেবে না তো?

তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে আশ্বস্ত করা হয়েছে যে শেষ মুহূর্তে আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তন যদি না ঘটে, তাহলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। উত্তুরে হাওয়ার দাপট ধীরে ধীরে বাড়ছে। এর জেরে চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়া ঢুকছে বঙ্গে। এর জেরেই শীত পড়বে রাজ্যে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের জেলাতেও তাপমাত্রা কমেছে। ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে বৈ কী!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles