Bengal Assembly: আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাড়ছে বুথের সংখ্যা! মোতায়েন হতে পারে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা মাত্রা ছড়াচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যেই বাংলায় নির্বাচন হওয়ার কথাও রয়েছে। প্রতিষেধক চলে এলেও করোনার হাত থেকে নিস্তার এই মুহূর্তে নেই। আর তাই কোনও ঝুকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনেও বাড়ছে বুথের সংখ্যা।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংকটের মধ্যে হ‌ওয়া বিহার বিধানসভা নির্বাচনেও বুথের সংখ্যা বাড়ানো হয়েছিল। প্রয়োজন পড়েছিল অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীরও। বাংলাতেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই নিয়েও ভাবনা চিন্তা চলছে। এবার ভোটে বুথ সংখ্যা যদি বাড়ে তাহলে বাড়বে বুথকর্মী সংখ্যা, পুলিস ও কেন্দ্রীয় বাহিনীও। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে মোতায়েন করা হয়েছিল ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিস কর্তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন মনে করছে রাজ্যে অবাধ ভোট করানোর জন্য এবার প্রয়োজন হবে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে বুথের সংখ্যা ছিল ৭৮,৯০৩। এবার করোনা পরিস্থিতির জেরে তা একলাফে বাড়ছে অনেকটাই। প্রতি বুথে ভোটার সংখ্যা রাখা হচ্ছে হাজারের ভেতরে। গত নির্বাচনে ওই সংখ্যা ছিল দেড় হাজার। সব মিলিয়ে এবার রাজ্যে মোট বুথের সংখ্যা হতে পারে ১ লাখ ১০ হাজার। এতে বুথে ভোটার সংখ্যা অনেকটাই কমানো যাবে।

বিরোধীরা বারবারই হুমকি দিচ্ছিল, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এবার বিধানসভা নির্বাচন হবে। এর জন্য তাঁরা ইতিমধ্যেই দরবার করতে শুরু করেছিল।

 

RELATED Articles