রাস্তা না সারিয়ে তাঁকে ভোটে হারিয়ে দেওয়ার প্রবল চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। হুগলির কানাইপুরের রাস্তা সংস্কার নিয়ে এমনই তোপ দাগলেন এই বিধায়ক।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের এই আবহে দলবদলের এই রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ প্রবীর ঘোষাল। দলের সাংগঠনিক রদবদল থেকে তৃণমূলের কাজ, বিভিন্ন ইস্যুতে একাধিক বার মুখ খুলেছেন তিনি। আজ ফের এই বিধায়ক বলেন, তাঁকে ভোটে হারাতেই নৈটি রোড সংস্কার করা হচ্ছে না।
এমনকি তাঁকে দলের কোনও কর্মসূচিতেও নাকি ডাকা হয় না বলেও জানিয়েছেন তিনি। আগামী ২৫ জানুয়ারি পুরশুড়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করতে আসছেন। তৃণমূলের বিদ্রোহের নেতাকে তার প্রস্তুতি সভাতেও ডাকা হয়নি বলে অভিযোগ বিধায়কের।
নিজের বক্তব্যে প্রবীর ঘোষাল বলেন, “আমাকে ভোটে হারানোর জন্যই রাস্তা সারানো হচ্ছে না। আমি মুখ খোলার পর কেএমডিএ-র ইঞ্জিনিয়ার কানাইপুরের রাস্তা দেখতে এলে তাঁকে হুমকি দেন প্রধান আচ্ছেলাল যাদব। বিধায়কের নাম করে তীব্র গালিগালাজ করেন নাকি তিনি।”
তবে প্রবীরের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও। তিনি পাল্টা তোপ দেগে বলেছেন, “বিধায়ক এলাকায় কোনও কাজ করেননি। উনি হচ্ছেন দলের গহনা বিধায়ক। কোনওদিন তৃণমূল কর্মী বা নেতা ছিলেন না।”





