উল্লেখযোগ্য অনেকগুলি আসনের মধ্যে কামারহাটি কেন্দ্রেও এবার জোর লড়াই। একদিকে তৃণমূলের জমাটি নেতা মদন মিত্র। অন্যদিকে বিজেপির দাপুটে রাজু বন্দ্যোপাধ্যায়।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই এই কেন্দ্রেও নজর মিডিয়ার। আজ সকাল থেকে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন রাজু। প্রথমে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন এই পদ্ম প্রার্থী।
আরও পড়ুন – জায়গা বদল! সরলেন পায়েল, ঢুকলেন শোভন, নজরে বেহালা পূর্ব
সকাল সাড়ে ১০টা নাগাদ বাইক বাহিনী নিয়ে বিজেপি প্রার্থী মন্দিরে পৌঁছন। সেখানে পুজো দিয়ে প্রণাম করে প্রচার শুরু করেন রাজু। বিজেপি প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা। পুজো দিয়ে রাজু জানিয়েছেন তিনি মায়ের কাছে কামারহাটির বাসিন্দাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন। এমনকী প্রতিপক্ষ মদন মিত্রের জন্যও তিনি মায়ের কাছে শুভ কামনা করেছেন বলে জানিয়েছেন রাজু।





