কাল নন্দীগ্রামে নির্বাচন। বঙ্গ বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র। নির্বাচনের দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ করা হবে কাল অর্থাৎ বৃহস্পতিবার। পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে।
কিন্তু একুশের নির্বাচনের ‘এপিসেন্টার’ নন্দীগ্রামেই আজ বাড়তি সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামের ৩৫৫টি বুথই স্পর্শকাতর আর তাই নন্দীগ্রামে জারি হল ১৪৪ ধারা। উল্লেখ্য, ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিওকে বদলির নির্দেশ দেওয়া হয়।
আর এবার ভোটগ্রহণ পর্বের মাত্র কয়েক ঘণ্টা আগে নন্দীগ্রামের পর তমলুকেও জারি করা হল ১৪৪ ধারা। সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলাশাসক স্মিতা পান্ডে। জানানো হয়েছে কালকে নির্বাচন যেহেতু অত্যন্ত স্পর্শকাতর হতে চলেছে তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এদিন জেলাশাসক জানান, ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র নন্দীগ্রামে। পাশাপাশি জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবারই থানার সামনে আক্রান্ত হয়েছিলেন তমলুক বিধানসভার বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। প্রতিবাদে ভোররাত পর্যন্ত থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাতভর প্রবল উত্তেজনা তমলুক থানা চত্বরে। বুধবার সকালে আহত বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করতে তমলুক জেলা হাসপাতালে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তায় ছিল কমিশন। আর তাই ভোটের আগে তমলুকেও জারি করা হল ১৪৪ ধারা।





