বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের নজর থেকে বাদ পড়ছেন না কেউই। এবার নির্বাচনী বিধিভঙ্গের দায়ে একই দিনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার মুখে পড়লেন শাসক ও বিরোধী উভয়় দলের নেতারা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ২৪ ঘণ্টার জন্য বিজেপি নেতা সায়ন্তন বসু ও তৃণমূল নেত্রী সুজাতা খাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের উভয়ের ওপর জারি থাকবে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন- পুলিশের সঙ্গে গুণ্ডাদের পুরনো সম্পর্ক, ভোট পরবর্তী পর্যায়ে হিংসা নিয়ে পুলিশকে কটাক্ষ দিলীপের
কমিশনের তরফে জানানো হয়েছে, দুজনেই জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গ করে এমন মন্তব্য করেছেন। উভয়েই শো-কজের জবাবে তাঁরা যে উত্তর দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ই এপ্রিল শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার পর সায়ন্তন বসু শোলে ছায়াছবির সংলাপ অনুকরণে বলেছিলেন, ‘ওরা একজনকে মারলে আমরা চার জনকে মারবো।’ এই বক্তব্যের বিরোধিতা করে কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল। এর পর সায়ন্তনকে শো কজ করে কমিশন।
অন্যদিকে আবার বিজেপি নেতার সৌমিত্র খাঁ’র তৃণমূলী স্ত্রী তথা আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপশিলিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। নিজে তপশিলি হয়েও তিনি বলেন, ‘এই এলাকার তপশিলিরা হল স্বভাব ভিখারি। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করল, তাও কটা টাকার জন্য ভোটের আগে বিজেপির কাছে বিক্রি হয়ে গেল।’
এই দুই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে এই দুই তৃণমূল ও বিজেপি নেতার ওপর, রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২ জনই কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা রাহুল সিনহা্ ও দিলীপ ঘোষকে নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন।





